প্রধানমন্ত্রীকে সরকারি প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি
সপ্তম বেতন কাঠামো অনুযায়ী প্রবেশ পদে আট হাজার টাকা বেতন স্কেল নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
বৃহস্পতিবার বিকালে এই দাবিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ব্যানারে একযোগে সব জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম জানান, দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ঢাকায় আহ্বায়ক রিয়াজ পারভেজের নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল আবেদীন স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, মিজানুর রহমান, বিনা রানী সাহা ও ঝর্ণা রানী মণ্ডল উপস্থিত ছিলেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে সরকার প্রশিক্ষণপ্রাপ্তদের ছয় হাজার ৪০০ টাকা এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের পাঁচ হাজার ৯০০ টাকার মূল বেতন নির্ধারণ করে।
কিন্তু দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা এখনও বাস্তবায়িত না হওয়ায় বেতন জটিলতায় রয়েছেন শিক্ষকরা। স্মারকলিপিতে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা বাস্তবায়নের দাবিও জানানো হয়।
