সাভারে পাইপ চাপা পড়ে নারীর মৃত্যু
সাভারের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীতে পাইলিং করার সময় পাইপ পরে এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ‘মেট্রো টেনারিতে’ এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত পিয়ারা বেগম (৩০) চাপাইনবাবগঞ্জের মন্টু মিয়ার স্ত্রী। তিনি নির্মাণ শ্রমিকদের রাঁধুনির কাজ করতেন।
হরিণধরা চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই কামরুজ্জামান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেট্রো ট্যানারির প্লটে ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। পাশেই একটি টিনের ঘরে শ্রমিকদের রান্নার কাজ করছিলেন পিয়ারা বেগম।
“পাইলিং করার সময় হঠাৎ চেইনে পাঁচ লেগে লোহার পাইপ রান্না ঘরের উপর পড়লে ঘটনাস্থলেই পিয়ারার মৃত্যু হয়।”
পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসআই কামরুজ্জামান।
