২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় জামায়াত-শিবিরের ১১২ জন গ্রেপ্তার

খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতিসহ জামায়াত-শিবিরের ১১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

বৃহস্পতিবার বিকালে নগরীর বসুপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মারুফ আহমেদ বলেন, গ্রেপ্তাররা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার একটি কক্ষে জামায়াত-শিবিরের গোপন বৈঠক করছিল।

“১১ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে বাগেরহাটের তিন রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণার দিন রয়েছে।

“ওই রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।”

ওসি বলেন, গ্রেপ্তারদের মধ্যে খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি মিম মিরাজ হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামান রয়েছেন।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।