ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বর্ষপূর্তি
‘টেকসই উন্নয়নে গণমাধ্যমের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে ৫৩তম বর্ষপূর্তি উদযাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
বৃহস্পতিবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে বর্ষপূর্তির শোভাযাত্রা বের করে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শোভাযাত্রাটি ক্যাম্পাস ঘুরে কলাভবনের ডিন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক আখতার সুলতানা, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক শেখ আবদুস সালাম, অধ্যাপক আবুল মনসুর, সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, সহকারী অধ্যাপক সাবরিনা চৌধুরী, সহকারী অধ্যাপক শবনম আযীম ও বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেনসহ বিভাগের শিক্ষার্থীরা এই শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক মফিজুর রহমান বলেন, “প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের সাংবাদিকতায় এ বিভাগ যুগান্তকারী অবদান রেখে চলছে। দেশের উন্নয়নে গণমাধ্যম যে অগ্রণী ভূমিকা রাখছে, সেই ভূমিকাকে টেকসই করার জন্য করার ভূমিকা রাখবে এই গণমাধ্যমই।”
