টেকনাফে রোহিঙ্গা শিশু খুন, মামা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে শরনার্থী শিবিরের এক রোহিঙ্গা শিশু নিখোঁজের ১৪ দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির মামাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলার ১৪ নম্বর ব্রিজ এলাকায় শিশুটির মাটিচাপা দেওয়া লাশ পাওয়া য়ায় বলে পুলিশ জানিয়েছে।
সিলেট, খুলনা ও বরগুনায় শিশু হত্যার ঘটনায় দেশে তোলপাড়ের মধ্যে এ ঘটনা ঘটল।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, নিহত তসলিমা আক্তার (১১) হ্নীলার নয়াপাড়ার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের ৮৭৯ নম্বর শেডের ১ ও ২ নম্বর কক্ষের বাসিন্দা মোহাম্মদ জয়নালের মেয়ে।
গ্রেপ্তার মো. সলিম উল্লাহ (২২) একই ক্যাম্পের বি-ব্লকের ১১৩৪ নম্বর শেডের ৩ নম্বর কক্ষের বাসিন্দা লাল মোহাম্মদের ছেলে এবং নিহত তাসলিমার মামা।
স্বজনদের বরাত দিয়ে ওসি আতাউর রহমান জানান, গত ২৪ জুলাই সকালে ক্যাম্প থেকে তসলিমা নিখোঁজ হয়। তখন ঘটনাটি শিশুটির বাবা ক্যাম্প পুলিশের ইনচার্জকে জানান।
“এদিকে ওইদিন থেকে শিশুটির মামা সলিম ক্যাম্প থেকে উধাও হয়ে যায়।”
ওসি বলেন, গত মঙ্গলবার (৪ অগাস্ট) রাতে সলিম ক্যাম্পে ফিরলে স্থানীয়রা তাকে ধরে ক্যাম্প পুলিশের কাছে হস্তান্তর করে।
“শিশুটির কানের দুলের লোভে অপহরণ করে তাকে হত্যা করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে সলিম স্বীকার করেছে।”
ওসি আরও জানান, সলিমের স্বীকারোক্তি মতে পুলিশ বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলার ১৪ নম্বর ব্রীজ এলাকা থেকে মাটিচাপা দেওয়া শিশুটির লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর সলিমকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারা দেশে ক্ষোভ সৃষ্টি হয়।
আর গত সোমবার রাতে খুলনা নগরীর টুটপাড়ায় একটি গ্যারেজে মলদ্বার দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয় মো. রাকিব নামে ১২ বছর বয়সী আরেক শিশুকে।
গত মঙ্গলবার বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামে শাবলের আঘাতে হত্যা করা হয় ১০ বছর বয়সী রবিউল আউয়ালকে।
