২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনাম সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তানং সাংয়ের আমন্ত্রণে দেশটিতে চার দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 07:31 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

ভিয়েতনাম পৌঁছানোর আগে ব্যাংককে যাত্রা বিরতি করবেন তিনি।

রাষ্ট্রপতি শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানীর উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও তার সঙ্গে থাকবেন বলে জানান প্রেসসচিব।

তিনি বলেন, “রাষ্ট্রপতির এই সফরের মধ্যদিয়ে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।”

ভিয়েতনাম সফরের সময় রাষ্ট্রপতি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আগামী ১০ অগাস্ট বৈঠক করবেন। একই দিন আবদুল হামিদ ট্রুং তানং সাংয়ের দেওয়া নৈশ ভোজেও অংশ নেবেন।

ওই দিন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের সঙ্গেও বৈঠক করবেন। ভিয়েতনামের পার্লামেন্টও পরিদর্শন করবেন বাংলাদেশের সাবেক স্পিকার আবদুল হামিদ।

ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নগুয়েন সিন হাংয়ের সঙ্গে আবদুল হামিদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো-চি-মিন সিটি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের সঙ্গে আবদুল হামিদের বেঠক হওয়ার কথা রয়েছে।

হো-চি-মিন সিটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাতের কর্মসূচিও রয়েছে বলে জানান তার প্রেস সচিব।

আগামী ১৩ অগাস্ট আবদুল হামিদের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।