বঙ্গবন্ধু হত্যা মুক্তিযুদ্ধের চেতনা হত্যার সামিল: ড. কামাল
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক কলেজ শিক্ষকদের এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন বিশিষ্ট এই আইনজীবী।
তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে দ্রুত পুনর্গঠিত করে বঙ্গবন্ধু যখন সার্বিক উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই মুক্তিযুদ্ধের পরাজিত দেশি-বিদেশি চক্র ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ১৯৭৫ এর ১৫ই অগাস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করে।
“১৫ই অগাস্টের হত্যাকাণ্ড সংঘটিত না হলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বহু আগেই আমরা উন্নত দেশে পরিণত হতে সক্ষম হতাম।
“তবে, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও ঘাতক-খুনি চক্র তার আদর্শকে যে হত্যা করতে পারেনি তা আজ প্রমাণিত।”
ড. কামাল আরও বলেন, যুদ্ধকালীন বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ছিল নজির সৃষ্টিকারী ঘটনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংসদীয় গণতন্ত্র আর সাংবিধানিক শাসনে বিশ্বাসী ছিলেন বলেই স্বাধীনতার দশ মাসের মধ্যে ‘৭২ এর সংবিধান’, সংসদীয় গণতন্ত্র গঠন ও পনোরো মাসের মধ্যে নির্বাচন সম্ভব হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
