পে-স্কেল পুনঃনির্ধারণ: রোববার রাবিতে কর্ম বিরতি
পে-স্কেল পুনঃনির্ধারণের দাবিতে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রস্তাবিত অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতনে অবমূল্যায়ন করা হয়েছে। এর প্রতিবাদে রোববার শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন।
কর্মবিরতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সকাল ১০টা থেকে দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান অধ্যাপক আনন্দ কুমার।
অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণের দাবিতে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর আগেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন তারা।
