২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন-লঞ্চ থেকে বর্জ্য ফেলে দূষণ রোধে উদ্যোগী সরকার

নৌযান থেকে নদীতে এবং ট্রেন থেকে উন্মুক্ত রেলপথে মানববর্জ্য ফেলে দূষণ রোধ করতে উদ্যোগ নিচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এবিষয়ে একটি ‘টেকনিক্যাল’ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সভায় আবদুল মালেক বলেন, “সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতিনিধিদের এই কমিটিতে রাখা হবে। আমরা চাই না আর কোনো মলমূত্র নদীতে পড়ুক, পরিবেশ ‍দূষণ হোক।”

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) মো. ওয়ালী উল্লাহ্ সভায় জানান, বাংলাদেশের ভেতরে যাতায়াতের জন্য প্রায় আট হাজার ৬০০ কিলোমিটার নৌপথে প্রতিদিন পাঁচ থেকে সাত লাখ মানুষ যাতায়াত করেন।

অন্যদিকে দেশে দুই হাজার ৮৭৭ কিলোমিটার রেলপথে প্রতিদিন ৩৩৯টি রেলে গড়ে এক লাখ ১৫ হাজার থেকে এক লাখ ৪৫ হাজার মানুষ যাতায়াত করেন।

ট্রেন ও নৌযানগুলোতে শৌচাগার থাকলেও মানববর্জ্য সরাসরি রেললাইন ও নদীতে ফেলা হয়।

স্থানীয় সরকার সচিব বলেন, অন্যায়ভাবে মানববর্জ্য বুড়িগঙ্গায় ফেলা হচ্ছে। ট্রেন ও নৌযানের মানববর্জ্য কন্টেইনারে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

 “গুলশান, বনানী, বারিধারা, ধানমণ্ডি এলাকায় সেপটিক ট্যাঙ্ক থাকলেও ওইসব এলাকার বর্জ্যও পাইপের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে- এটা দুর্ভাগ্যজনক।”

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব জানিয়ে ওয়ালী উল্লাহ্ বলেন, এ বিষয়ে সরকার নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করতে পারে।

“ট্রেন ও লঞ্চে একটি ধারকের মাধ্যমে মল-মূত্র সংরক্ষণ করে স্টেশন বা লঞ্চঘাটে বর্জ্য বহনকারী ওইসব ধারক খালি করতে হবে। শোধনাগারে ডাম্পিংকৃত পয়ঃবর্জ্য পরিশোধনের মাধ্যমে পরিবেশবান্ধব উপকরণে রূপান্তরিত করা যাবে।”

মানববর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে পাইলট প্রকল্প নেওয়ার পরামর্শ দেন ওয়ালী উল্লাহ্।

সভা শেষে সচিব বলেন, সব মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন।

নৌযান থেকে নদীতে এবং ট্রেন থেকে রেলপথে মানববর্জ্য ফেলা ঠেকাতে প্রয়োজনে নতুন আইন করা হবে বলেও জানান আবদুল মালেক।

সভায় লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সরকারে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করলে কোনো সমস্যা হবে না।