মাতৃগর্ভে গুলিবিদ্ধ: ২ আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ
মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও হতাহতের ঘটনায় দুই আসামি সুমন কারিগর ও সোবহানকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার তাদের মাগুরা ডিবি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ইমাউল হক।
তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা মামলা এগিয়ে নিতে সাহায্য করবে।”
এছাড়া অচিরেই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে জানান তিনি।
সুমন কারিগর এ মামলার ৫ নম্বর এবং সোবহান ১৪ নম্বর আসামি বলে জানান ইমাউল।
এলাকায় আধিপত্য নিয়ে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় গত ২৩ জুলাই যুবলীগকর্মী কামরুল ভূইয়ার সঙ্গে সংগঠনের কর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়।
ওই সময় গুলিতে কামরুলের বড় ভাই বাচ্চু ভুইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা, প্রতিবেশী মিরাজ হোসেন আহত এবং তার চাচা আব্দুল মোমিন নিহত হন।
ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। মা ও মেয়ে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে।
এ মামলার ১৬ আসামির মধ্যে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি সেন সুমনসহ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী রোববার আদালতে সেন সুমনের রিমান্ড শুনানি হবে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে।
