চট্টগ্রামে পরিত্যক্ত ভবন ভাঙার সময় ধস, নিহত ১
চট্টগ্রামের পাহাড়তলীর সাগরিকা এলাকায় একটি পরিত্যক্ত সাবান কারখানার গুদাম ধসে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহতের নাম মজু মিয়া (৫৫)। আহত একজনের আবদুস শুক্কুর (৪৫) জানা গেলেও বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা বিসিক এলাকায় রুপালী সোপ অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিত্যক্ত গুদাম ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনাস্থল থেকে চারজনকে হাসপাতালে নিয়ে এলে মজু মিয়া মারা যান।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১০ হাজার বর্গফুট আয়তনের পরিত্যক্ত গুদামটি উত্তর দিক থেকে ভাঙার সময় ছাদের দক্ষিণ দিকের অংশ ধসে গুদামের পাশে সীমানা দেওয়ালের গায়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে মজু ও শুক্কুর গুদামের পাশের জায়গাটিতে রাখা কয়লার পাহারাদার এবং আহত অন্য দুজন ভবন ভাঙার কাজে জড়িত শ্রমিক বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মো. হাবিব উল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন সাবান ফ্যাক্টরির গুদামটি ভাঙার কাজ চলছিল। এসময় এটি পাশের ওয়ালের ওপর ভেঙে পড়ে।
পাশের আটলান্টিক জিন্স ওয়াশিং ফ্যাক্টরিতে কর্মরত আবু জাহিদ নামে এক শ্রমিক জানান, বেলা সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে বিকট শব্দে ভবনটি ভেঙে পড়ে।
যে জায়গাটির সীমানা প্রাচীরের উপর গুদামটি ভেঙে পড়ে তা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক সম্পত্তি বলে জানায় স্থানীয়রা।
তাহের এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান এবং আলী আহমদ নামে এক ব্যক্তি জায়গাটি ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের ক্রেন গাড়ি ও কয়লা রাখতেন।
আলী আহমদের ভাই আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মজু মিয়া ও হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর শুক্কুর তাদের রাখা কয়লাগুলো পাহারা দিতেন। সীমানা প্রাচীরের পাশে লাগানো সেমিপাকা ঘরে তারা থাকতেন।
আলী হায়দার অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে গুদামটি ভাঙার কাজ চললেও তাদের কিছু জানানো হয়নি।
তিনি বলেন, নিহত মজু মিয়া নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। এক সপ্তাহ আগে তিনি পাহারাদার হিসেবে সেখানে যোগদান করেন।
গুদামটি ধসে পড়ার মজু মিয়া সময় ঘরের সামনে বসেছিলেন জানিয়ে আলী হায়দার বলেন, “এসময় গুদামটি ঘরের ওপর ভেঙে পড়লে তারা চাপা পড়েন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইয়াহিয়া জানান, আগ্রাবাদ, বন্দর, ইপিজেড ও ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।
প্রায় দুই ঘণ্টা ধরে ভেঙে পড়া ভবনের নিচে এবং আশেপাশে অভিযান চালিয়ে আর কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।
