চিকিৎসকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর
রাজধানীর হাতিরপুলে এক চিকিৎসকের প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান (৪৫) একটি হোটেলের কর্মচারী ছিলেন।
প্রাইভেটকারটির মালিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক এ কে এম শফিউজ্জামান। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডা. শফিউজ্জামান নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি ফুটপাতে উঠে যায়। এ সময় সেখানে থাকা আতাউর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।”
চিকিৎসকের লোকজনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে আতাউরকে মৃত ঘোষণা করা হয়।
ডা. শফিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ গাড়িটি রাস্তার পাশের আইল্যান্ডে উঠে গেলেদুর্ঘটনাটি ঘটে যায়।
“আমি ও আরও চিকিৎসক মিলে অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে (আতাউর) বাঁচাতে পারলাম না।”
লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
