শরীয়তপুরে পাট ক্ষেতে ব্যবসায়ীর লাশ
শরীয়তপুরের জাজিরায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মানিকনগর গ্রামের একটি পাটক্ষেতে তার লাশ পাওয়া যায় বলে জানান জাজিরা থানা ওসি মো. নজরুল ইসলাম।
মৃত আব্দুল কুদ্দুছ তালুকদার (৪০) মানিকনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আনন্দবাজারের কাপড় ব্যবসায়ী।
লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিহতের ছোটভাই দুদু মিয়া বলেন, মঙ্গলবার সকালে (৪০) পাট কাটার জন্য শ্রমিক আনতে কাজিরহাট যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন আব্দুল কুদ্দুছ। এরপর থেকে তিনি নিখোঁজ থাকেন।
“সকালে স্থানীয়রা বাড়ির পাশে পাট ক্ষেতে তার মৃতদেহ দেখতে পায়।”
ওসি নজরুল বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
