বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী আটক
ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে ওই শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগের পর তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান।
আটক শামছুল আলম বাবু পাবনার আতাইকুলা থানার সেকেন্দার প্রামাণিকের ছেলে। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র তিনি।
তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল।
“মুরশিদের শেয়ার করা ওই পোস্টে ‘কবির মামু’ নামের একটি ফেইসবুক আইডি থেকে মন্তব্য করেন শামছুল আলম। তাতে লেখা হয়, ‘ভাই ভালো লিখছেন। বইটা পড়েছি। একটা সমস্যা হল শেখ হাসিনা এমন কোনো ভালো মানুষ হয় নাই যে তার কাছে আল্লাহর অভয় বাণী আসবে’।”
এরপর মুরশিদুর রহমান ও আল আমিন সেতু বুধবার বিকেলে শামছুলকে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন তারা।
থানায় যাওয়ার আগে শামসুল আলম ওই মন্তব্যের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি এমন মন্তব্য করেছিলাম। কারণ আমি জেনেছি, নবী রাসুলরা ছাড়া আর কারও কাছে আল্লাহর বাণী আসে না। কিন্তু এটা কাউকে আঘাত করবে- তা ভাবিনি।”
মুরশেদুর রহমান বলেন, “বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মী হিসেবে আমাদের অবস্থান সুদৃঢ় এবং অনড়। সে (শামসুল) যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা চাই, সে তার ভুল শুধরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক।”
