‘বাংলা ভাইয়ের উপদেষ্টা’ লুৎফর গ্রেপ্তার
রাজশাহী বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার লুৎফর রহমান নওগাঁর আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন। তিনি জেএমবির সাবেক নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের উপদেষ্টা ছিলেন বলে রাজশাহী র্যাবের উপ-অধিনায়ক মেজর কামরুজ্জামান জানান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মাঝগ্রামে লুৎফরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধরা হয় বলে জানান এই র্যাব কর্মকর্তা।
মেজর কামরুজ্জামান বলেন, “লুৎফর রহমানের উপদেশ ও পরিকল্পনায় ২০০৪ সালে জেএমবি সদস্যরা রাজশাহী অঞ্চলে তাণ্ডব ও হত্যাযজ্ঞ চালায়। তার বিরুদ্ধে হত্যা ও লুটপাটসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটিতে উচ্চ আদালতের জামিন পেয়ে তিনি এলাকায় আসেন।”
লুৎফর রাজশাহী অঞ্চলে জেএমবি সদস্যদের আবার সংগঠিত করার তৎপরতা চালাচ্ছেন খবর পেয়ে র্যাব সদস্যরা এ অভিযান চালায় বলে কামরুজ্জামান জানান।
তিনি বলেন, লুৎফরকে ইতোমধ্যে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভিন্ন সময়ে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী, গত শতকের শেষভাগে জেএমবি নামের সংগঠনটি জঙ্গি কার্যক্রম শুরু করে শায়খ আবদুর রহমানের নেতৃত্বে। তিনি ও তার কয়েকজন সহযোগী আফগানিস্তানে যুদ্ধেও অংশ নেন।
তিনি আফগানিস্তান থেকে ফিরলে জেএমবির কর্মকাণ্ড বিস্তৃতি পেতে থাকে। তবে তাদের তৎপরতা নিয়ে আলোচনা শুরু হয় ২০০৩ সালের শুরুর দিকে। ওই বছর দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার কয়েকজন জঙ্গির কাছে এ সংগঠন সম্পর্কে তথ্য পায় আইন-শৃঙ্খলা বাহিনী।
২০০৩ সালের মাঝামাঝি সময়ে শায়খ আবদুর রহমানের পরামর্শে জেএমবির শুরা কমিটির প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নেতৃত্বে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবি গঠিত হয়। ২০০৪ সালে সংগঠনটি বেপরোয়া হয়ে উঠে। রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই-রানীনগর ছিল তাদের বিচরণক্ষেত্র।
২০০৪ সালের ২০ মে নওগাঁ জেলার রানীনগর উপজেলায় ইদ্রিস আলী ওরফে খেঁজুর আলী ও আব্দুল কাইয়ুম বাদশাকে হত্যা করে বাংলা ভাই ও তার সহযোগীরা। এরপর বাদশার মরদেহ উল্টো করে গাছে ঝুলিয়ে রাখা হয় এবং খেজুর আলীকে টুকরো টুকরো করে লাশ পুঁতে ফেলা হয় মাটিতে।
গাছে লাশ ঝুলিয়ে রাখার সেই ছবি সংবাদমাধ্যমে এলে দেশজুড়ে রাতারাতি পরিচিত হয়ে ওঠে ‘বাংলা ভাই’ নামটি। ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি সরকার জেএমবি ও জেএমজেবির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে ওই বছর ১৭ অগাস্ট ৬৩ জেলায় একযোগে বোমা ফাটিয়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি।
২০০৬ সালের ৬ মার্চ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাংলা ভাইকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গ্রেপ্তার করে। এর চারদিন আগে সিলেট থেকে গ্রেপ্তার করা হয় শায়খ রহমানকে।
ঝালকাঠি জেলার সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের গাড়িতে বোমা হামলা চালিয়ে তাদের হত্যার দায়ে ২০০৭ সালের ৩০ মার্চ শায়খ আবদুর রহমান ও বাংলাভাইসহ ছয় শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়।
