২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদেশি কারখানায় ‘খোয়া’ গেছে বেতনের কোটি টাকা

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি বিদেশি পোশাক কারখানায় শ্রমিকদের বেতনের এক কোটিরও বেশি টাকা খোয়া যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 02:07 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

ইপিজেড থানার ওসি আবুল কালাম জানান, বৃহস্পতিবার কোরীয় মালিকানাধীন এইচকেডি লিমিটেড নামের ওই কারখানার পক্ষ থেকে টাকা খোয়া যাওয়ার কথা জানানো হয়।

কারখানাটি সিইপিজেডের আট নম্বর সেক্টরের পাঁচ নম্বর সড়কে অবস্থিত। চারতলা কারখানা ভবনের চতুর্থ তলার জানালার গ্রিল ও ভল্ট কাটা অবস্থায় পাওয়া গেছে বলে জানান ওসি।

“ভল্টে শ্রমিকদের বেতনের এক কোটি ৩০ লাখ টাকা ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।”

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মোস্তাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভল্ট থেকে এক কোটি ৩০ লাখ টাকা খোয়া যাওয়া কথা বলা হলেও নয় লাখ টাকা কারখানার নিচে পাওয়া গেছে। সম্ভবত চুরি করে নিয়ে যাওয়ার সময় টাকাগুলো পড়ে গেছে।”

কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ভল্টের দায়িত্বরত লোকজন এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।