২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদ শুরুর ১২ দিন পর গণমাধ্যমের সঙ্গে বসছে ইসি

ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরুর ১২ দিন পর প্রচারণার বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে বৈঠকে বসতে যাচ্ছেন নির্বাচন কমিশন সচিব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 01:32 AM

Updated : 22 Aug 2022, 12:58 PM

বৃহস্পতিবার বিকাল ৩টায় শেরে বাংলানগরে ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গত ২৫ জুলাই থেকে প্রথম ধাপের ১৮৯ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শনিবার শেষ হবে এসব উপজেলায় তথ্য সংগ্রহের কাজ।

ইতোমধ্যে বিএনপি ও একটি বেসরকারি সংস্থা ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহে নাগরিকদের বয়সসীমা ও নারী ভোটার কম অন্তর্ভুক্তি নিয়ে চলমান কার্যক্রমের সমালোচনা করেছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সহযোগিতার বিষয়ে দেশের সব টিভি চ্যানেল ও রেডিও স্টেশনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবে ইসি।”

ভোটার তালিকা হালনাগাদ সফল করতে ব্যাপক জনসচেতনতার গুরুত্ব স্বীকার করে তিনি বলেন, “এজন্য পোস্টার, ব্যানারের পাশাপাশি টিভি স্পট তৈরি করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন টিভি চ্যানেল ও রেডিওগুলোর কাভারেজ রয়েছে। প্রচারে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

টেলিভিশন ও রেডিও’র সঙ্গে বৈঠকের আয়োজন করলেও প্রিন্ট ও অনলাইন মিডিয়া, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক হবে কি না বা কবে নাগাদ হতে পারে-এ নিয়ে কোনো তথ্য জানাননি এ কর্মকর্তা।

এবার হালনাগাদ কার্যক্রমে প্রথম দফায় ২৫ জুলাই থেকে ৯ অগাস্ট পর্যন্ত, দ্বিতীয় দফায় ১৬ অগাস্ট থেকে ৩০ অগাস্ট এবং তৃতীয় দফায় ০৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে।

জেলা প্রশাসকদেরও বুধবার ইসির চিঠি

যোগ্য নারী ভোটারদের নিবন্ধন নিশ্চিতে বুধবার স্থানীয় নারী জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা ও অন্যান্য সংগঠনকে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন ইসি সচিব।

গত হালনাগাদে মহিলাদের ভোটার কম হওয়ার বিষয়ে যে সাতটি কারণ চিহ্নিত হয়েছে তাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

কম ভোটার হওয়ার কারণগুলো হচ্ছে- নির্ধারিত ফি দিয়ে জন্মসনদ সংগ্রহে অনীহা, হিন্দু অবিবাহিত মেয়েদের পিতার বাড়িতে নিবন্ধনে অনাগ্রহ, অবিবাহিত নিরক্ষর মেয়েদের ভোটার হতে কম আগ্রহ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র জমা দিতে না পারা, নিবন্ধন কেন্দ্র বাড়ি থেকে দুরে হওয়া এবং প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের সচেতনতার অভাব।

সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে জনসচেতনতা বাড়িয়ে এবার হালনাগাদে স্থানীয় সংরক্ষিত নারী জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে হালনাগাদে ভোটারযোগ্য নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেন ইসি সচিব।