ঢাকায় রবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটার এক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্বজিত সেন (৪২) নামে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ভাটারা থানার পুলিশ বসুন্ধরা সংলগ্ন জগন্নাথপুরে তার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে।
ভাটারা থানার ওসি নুরুন মুন্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাশের ফ্লাটের মানুষ থেকে খবর পেয়ে পুলিশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।”
বিশ্বজিত রবির ম্যানেজার (ডিভাইস) হিসেবে গুলশান কার্যালয়ে দায়িত্ব পালন করতেন।
ওই বাসায় বিশ্বজিত একাই থাকতেন। তার স্ত্রী দুই সন্তান নিয়ে চট্টগ্রামে থাকেন বলে পুলিশ জানায়।
বিশ্বজিতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি বলেন, “কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা বোঝা যাবে।”
