যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় পাঁচ জনের রিমান্ড
রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার পাঁচ জনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম শুনানি শেষে ওই আদেশ দেন।
এর মধ্যে আসামি সাইফুল ইসলাম বাবু, ফয়সাল, সাফায়েত ও রবিনকে তিন দিন করে এবং সুমিকে এক দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই কাজী শহীদুজ্জামান আসামিদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় হেফাজতের আবেদনে বলা, “অন্য কারা জড়িত তা জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।”
আসামিদের তাদের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের প্রশিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে মঙ্গলবার দুপুরে কলেজপড়ুয়া ওই তরুণী তার এক ছেলে বন্ধুর সঙ্গে কুতুবখালী এলাকায় তার এক পরিচিতের বাসায় যান।
ওই এলাকার তিন যুবক ওই বাসায় ঢুকে তার ছেলেবন্ধুকে হাত-পা বেঁধে ওই তরুণীকে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়।
ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ওই তিন যুবককে আটক করে।
রাতে আহত অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়।
পরবর্তীতে ওই তরুণী থানায় এসে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
