২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রত্যাখ্যান সংসদীয় কমিটির

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি এবং ঢাকার দুই সিটি করপোরেশনের অনিয়মের অভিযোগ নিয়ে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 10:08 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হলে তা ফেরত দিয়ে নতুন করে প্রতিবেদন জমা দিতে বলা হয় মন্ত্রণালয়কে।

সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় তদন্ত প্রতিবেদন নিয়ে কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন।

কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, “মন্ত্রণালয় থেকে কমিটির সামনে যে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, তাতে অনেক গরমিল পাওয়া গেছে।

“আগের বৈঠকে মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের সঙ্গে আজকের প্রতিবেদনের তথ্যে অসঙ্গতি রয়েছে। যে কারণে ওই রিপোর্ট কমিটি গ্রহণ করেনি।”

গত ১৬ জুনের বৈঠকে নির্বাচিত দুই মেয়রের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের সময়কালের সব কর্মকাণ্ড তদন্ত করে প্রতিবেদন দিতে বলে কমিটি।

Image
তাকসিম এ খান

তাকসিম এ খান

একই সঙ্গে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের আলোকে তদন্ত করতে বলা হয় মন্ত্রণালয়কে।

বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় ঢাকা ওয়াসার এমডির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিলেও তা সামঞ্জস্যহীন। ঢাকার দুই সিটির রাজস্ব আদায়ের অনিয়ম সম্পর্কেও প্রতিবেদন দেওয়া হয়েছে। কিন্তু দুটি প্রতিবেদনই সামঞ্জস্যহীন।”

বৈঠকের কার্যপত্রে দেখা যায়, ওয়াসার এমডির বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগের কোনো প্রমাণ পায়নি মন্ত্রণালয়। বরং পানি শোধনাগার নির্মাণসহ অন্যান্য কাজে গতি হয়েছে। শিশু জিহাদের মুত্যুর জন্য ওয়াসার এমডি দায়ী- এই অভিযোগও সত্য নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বৃষ্টিতে ঢাকা মহানগরে জলাবদ্ধতা তৈরি হয় এবং মানুষকে ব্যাপক দুর্ভোগ পেহাতে হয়, এই অভিযোগটি সত্য বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকসিম এ খান দায়িত্ব নেওয়ার আগে ওয়াসা লাভজনক ছিল, এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রকল্প সম্পর্কিত আর্থিক দুর্নীতির অভিযোগও প্রমাণিত নয়।

এদিকে ঢাকা উত্তর ও দক্ষিন সিটির অনিয়মের অভিযোগের তদন্ত প্রতিবেদনটি তৈরি করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল কুমার দেব। এই প্রতিবেদনের তথ্যে যথেষ্ট গরমিল পেয়েছে সংসদীয় কমিটি।

সংসদীয় কমিটির আগের বৈঠকে উত্তর সিটির রাজস্ব আদায়ে সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছিল, ২০১৪-১৫ অর্থবছরে বাজার ভাড়া বাবদ ৪ কোটি ৩৮ লাখ টাকা আদায় হয়েছে। কিন্তু বুধবারের বৈঠকে দেখানো হয়েছে, আদায় হয়েছে ২৬ লাখ টাকা।

আগের বৈঠকে বলা হয়েছিল, ট্রেড লাইসেন্স বাবদ ২৮ কোটি ৭৮ লাখ টাকা আদায় হয়েছে। বুধবার বলেছে, এই খাতে ২৩ কোটি ১৩ লাখ টাকা আদায় হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের ক্ষেত্রে আগের বৈঠকে বলা হয়েছিল, বাজার ভাড়া বাবদ ২৭ কোটি ২৭ লাখ টাকা আদায় হয়েছে। অথচ আজকের (বুধবার) বৈঠকে ১৮ কোটি ৯৪ লাখ টাকার হিসাব দেওয়া হয়েছে।

আগের বৈঠকে মে মাস পর্যন্ত হিসাব দিয়ে বলেছে, বাস টার্মিনাল থেকে ২ কোটি ৪৬ লাখ টাকা আদায় হয়েছে। বুধবারের বৈঠকে জুন পর্যন্ত হিসাব দেওয়া হয়। তাতে দেখা যায়, জুন মাসে বাস টার্মিনাল থেকে কোনো টাকা আদায় হয়নি।

কমিটির সভাপতি আবুল হাসানাত বলেন, “না দেখে, না শুনে মনগড়া প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়। তাই নতুন করে প্রতিবেদন জমা দিতে হবে।”

কমিটির বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মো. রহমত আলী, সাবের হোসেন চৌধুরী, এ কে এম মোস্তাফিজুর রহমান, ফজলে হোসেন বাদশা ও রহিমা আকতার উপস্থিত ছিলেন।