২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় আটক গাড়ি পুলিশকে দিতে চায় সংসদীয় কমিটি

আটকের পর দেশের বিভিন্ন থানায় পড়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল যাতে পুলিশ ব্যবহার করতে পারে সেজন্য আইন প্রণয়নের প্রস্তাব দিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 09:53 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

বুধবার কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে কমিটির সভাপতি টিপু মুনশি জানান।

তিনি সাংবাদিকদের বলেন,“বছরের পর বছর ধরে অনেক গাড়ি থানায় পড়ে থাকে। এসব গাড়ির মালিকও পাওয়া যায় না। এগুলো যদি পুলিশ ব্যবহার করতে পারে তবে ভালো হয়।”

এ বিষয়ে যানবাহনের সংকটে থাকা পুলিশকে বলা হলে তাদের পক্ষ থেকে এসব গাড়ি ব্যবহারে আইনি জটিলতার কথা বলা হয়েছে বলে জানান তিনি।

টিপু মুনশি বলেন, “আদালতের অনুমতি ছাড়া এসব গাড়ি ব্যবহার করা যায় না। আইনের জটিলতা নিরসনের জন্য আমরা (সংসদীয় কমিটি) আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাব।”

সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা যায়, কমিটির গত বৈঠকে বিভিন্ন থানায় আটক গাড়ি ও মটরসাইকেল আইনের আওতায় থেকে  পুলিশের ব্যবহারের সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির ওই সুপারিশের পর পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (পরিবহন) জানান,‘থানায় আটক  গাড়ি ও মোটরসাইকেল সাধারণত বিভিন্ন মামলা, অপরাধের আলামত, জিডিমূলে/পরিত্যক্ত উদ্ধার, কাগজপত্র বিহীন ইত্যাদি কারণে আটক হয়ে থাকে। এই সকল যানবাহন ব্যবহারের জন্য বিজ্ঞ আদালতের অনুমতির প্রয়োজন হয়। আদালতের অনুমতিক্রমে থানায় আটককৃত যানবাহন পুলিশের বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।’

থানায় পড়ে থাকা গাড়ি-মটরসাইকেল পুলিশকে ব্যবহার করতে দিলে অপব্যবহারের সুযোগ তৈরি হবে কি না জানতে চাইলে টিপু বলেন,“এ জন্যই আইন করার জন্য বলেছে সংসদীয় কমিটি। আইনের আওতায় থাকবে শুধু ব্যবহার, বিক্রি নয়; ব্যবহারের জন্য আইন করা প্রয়োজন।”

সারাদেশে এক লাখের বেশি গাড়ি-মটরসাইকেল বিভিন্ন থানায় পড়ে আছে বলেও জানান তিনি।

এমআরপি নিয়ে উদ্বেগ

নির্ধারিত সময় আগামী ২৪ নভেম্বরের মধ্যে হাতে লেখা পাসপোর্টের পরিবর্তে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া যাবে কি না তা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংসদীয় কমিটি।

এ বিষয়ে টিপু মুনশি বলেন,“আমরা এমআরপি নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেছেন, এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। যথাসময়ে আমরা পাসপোর্ট দিতে পারব।”

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী আগামী ২৪ নভেম্বরের মধ্যে সবার হাতে এমআরপি থাকতে হবে। পরদিন থেকে বিশ্বের কোনো দেশেই আর হাতে লেখা পাসপোর্ট গ্রহণ করা হবে না বলে আইসিএও জানিয়েছে।

ওই সিদ্ধান্তের কারণে ২০১০ সালের ১ এপ্রিল বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরি ও বিতরণ প্রকল্প শুরু করে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রায় ৫০ লাখ প্রবাসীর হাতে এখনও এমআরপি পৌঁছায়নি।

নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট দিতে না পারলে করণীয় কী হবে জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি বলেন,“সময় চাওয়ার সুযোগ রয়েছে। তবে সেদিকে আমরা যেতে চাই না। মন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হয়েছি।”

রাজধানীতে যানজটে উদ্বেগ

রাজধানীতে যানজট পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ মন্তব্য করে তা নিরসনে করণীয় নির্ধারণে তিন সদস্যের উপ-কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।

কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে আহ্বায়ক করে করা উপ-কমিটির অন্য সদস্যরা হলেন- ফখরুল ইমাম ও আবুল কালাম আজাদ।

কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন,“ঢাকা শহরের যানজট পরিস্থিতি অ্যালার্মিং। যানজটের কারণে অনেক বিনিয়োগকারীও এখানে আসতে চাচ্ছেন না। আজকের বৈঠকে এ বিষয়ে অনেক সাজেশন এসেছে।

“সব পরামর্শ এক জায়গায় করে করণীয় নির্ধারণ করতেই সাব-কমিটি গঠন করা হয়েছে।”