কর্মবিরতির হুমকি জগন্নাথের শিক্ষকদের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি সরকার না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভা শেষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কখা জানানো হয়।
স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে এবং প্রস্তাবিত ৮ম জাতীয় বেতন স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদমর্যাদার অবনয়নের প্রতিবাদে শিক্ষক সমিতির ওই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হোসেন জানান, সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত যেকোন কর্মসূচি পালন করা এবং সরকার শিক্ষকদের দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আলী নূর।
