জিন ছাড়ানোর নামে মেয়েকে পিটিয়ে মারল বাবা-মা
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ‘জিন তাড়ানোর’ নামে তিন বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মেহের (উত্তর) ইউনিয়নের প্রত্যন্ত তারাপুরের কামারবাড়িতে এ ঘটনা ঘটে, যখন সিলেটে সামিউল আলম রাজন ও খুলনায় মো. রাকিব নামের দুই শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনা চলছে।
চাঁদপুরে বাবা-মায়ের পিটুনিতে নিহত মেয়েটির নাম সুমাইয়া।
তার মা আমেনা বেগম (৩৫) ও বাবা এমরান হোসেনের (৪০) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
শাহরাস্তি থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দম্পতি এলাকায় ঝাড়ফুক কবিরাজি করত। এমরান দাবি করেছে, তার স্ত্রীর ওপর জিনের আছর আছে, সুমাইয়াকেও জিনে ধরেছিল। তারা বলেছে, তারা মেয়ের জিন ছাড়াতে চেষ্টা করেছিলেন। জিনই তাদের মেয়েকে মেরেছে।”
তারাপুরের কামারবাড়ি ওই এলাকায় সিরাজ মেম্বারের বাড়ি হিসেবে পরিচিত। এমরান হোসেন কাজ করতেন মৌসুমি কাঠমিস্ত্রি হিসেবে। তার স্ত্রী আমেনা সপ্তাহখানেক আগে এলাকায় বলতে শুরু করেন, তাকে জিনে ধরেছে।
এরপর এলাকার লোকজন ওই বাড়িতে ভিড় করলে ওই দম্পতি ঝাড়ফুকের নামে তাদের কাছ থেকে টাকা-পয়সাও নিতে শুরু করেন বলে স্থানীয়রা জানান।
গত সোমবার সকালে সুমাইয়াকেও ‘জিনে ধরেছে’ দাবি করে তাকে হোগলা দিয়ে পেটানো শুরু করেন তার মা আমেনা। স্থানীয়রা তাদের বাধা দিয়ে মেয়েটিকে প্রাথমিক চিকিৎসাও দেন।
কিন্তু ওই রাতেই শিশুটিকে বাড়িতে এনে আবার মারধর শুরু করেন আমেনা ও এমরান। বাবা-মায়ের নির্যাতনে ওই রাতেই সুমাইয়ার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লোকমুখে কবিরাজি চিকিৎসার কথা শুনে আমি দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি, ওই দম্পতি বাচ্চা মেয়েটাকে মাটিতে বসিয়ে লাঠি দিয়ে মারছে।
“তারা বলছিল, জিনের মাধ্যমে নাকি এই চিকিৎসার নিয়ম পেয়েছে। এভাবে নাকি তাদের বাচ্চা ভাল হয়ে যাবে। বিষয়টি আমরা চেয়ারম্যানকেও বলেছিলাম।”
মেহের (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি বলেন, এক দম্পতি নিজেদের কবিরাজ দাবি করে মেয়েকে পিটিয়েছে বলে তিনি লোকমুখে শুনেছেন। তবে তার বাড়ি থেকে ঘটনাস্থল ‘অনেক দূরে’ হওয়ায় তার যাওয়া হয়নি।
“বাচ্চার কান্না দেখে স্থানীয়রা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিল বলেও আমি শুনেছি।”
মঙ্গলবার সকালে সুমাইয়াদের বাসার দরজা না খোলায় সন্দেহ হলে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঘরে ঢুকে সুমাইয়ার লাশ উদ্ধার করে।
শাহরাস্তির ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েকে মেরে তারা ঘরের দড়জা আটকে বসে ছিল। সুমাইয়ার মাথার পেছনে ফোলা জখম ছিল। শরীরের বিভিন্ন জায়গায়ও মারধরের চিহ্ন দেখা গেছে।”
পুলিশ ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। আর আমেনা-এমরান দম্পতিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় থানায়।
থানার এসআই নিজামুদ্দিন বাদী হয়ে ওই দম্পতির বিরুদ্ধে একটি মামলা করেছেন বলে জানান ওসি।
চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্তে আমরা নিশ্চিত হয়েছি, নির্যাতনেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
প্রতিবেশীরা বলছেন, স্থানীয় একটি এনজিও থেকে নেওয়া এক লাখ টাকা ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আমেনা ও এমরান কবিরাজির নামে প্রতারণার মাধ্যমে টাকা রোজগারের চিন্তা করেছিলেন। তাদের ‘অলৌকিক ক্ষমতাপ্রাপ্তির’ বিষয়টি বিশ্বাসযোগ্য করতেই নিজেদের মেয়েকে পেটানো শুরু করে তারা।
এ বিষয়ে জানতে চাইলে ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিও এলাকার মানুষের কাছে এটা শুনেছি। তবে তারা কোন এনজিও থেকে টাকা নিয়েছিল, তা জানতে পারিনি। আরও নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না।”
তিনি জানান, এমরান স্বাভাবিক থাকলেও তার স্ত্রীর কথা-বার্তা ও আচরণে মনে হয়, তিনি মানসিকভাবে সুস্থ নাও থাকতে পারেন।
“তার চুলে জটা ধরেছে। কিছু খেতেও রাজি হচ্ছিল না। বলছিল, জিন নাকি তাকে খেতে নিষেধ করেছে। তদন্তে এ বিষয়গুলো হয়তো স্পষ্ট হবে।”
