এবার মাধ্যমিকে ‘নেতা’ নির্বাচন
প্রাথমিক বিদ্যালয়ের পর এবার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানেও ‘স্টুডেন্টস ক্যাবিনেট’ গঠন করা হচ্ছে।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “এবার মাধ্যমিক স্তরের এক হাজার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্টুডেন্টস ক্যাবিনেট’ গঠনে আগামী ৮ অগাস্ট ভোট হবে।”
“প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের জন্য আট সদস্যের এই ক্যাবিনেট গঠনে এবার ছয় লাখ ২৪ হাজার ৫৩২ শিক্ষার্থী ভোট দেবেন। আট হাজার ৩৪৪টি পদের বিপরীতে ১৫ হাজার ৮৪৩ শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
এই ক্যাবিনেট সদস্যরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিক্ষা সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানিসম্পদ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি, দিবস পালন ও অনুষ্ঠান সম্পাদন, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং আইসিটি নিয়ে কাজ করবে।
নির্বাচনে নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং শৃঙ্খলার দায়িত্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই পালন করবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত সবাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ভোটার তালিকাভুক্ত যে কোনো শিক্ষার্থীই নির্বাচনে প্রার্থী হতে পারবে।
প্রত্যেক ভোটার ষষ্ঠ থেকে দশম শ্রেণির নেতা নির্বাচনে প্রতি শ্রেণিতে একটি করে ভোট দিতে পারবেন জানিয়ে নাহিদ বলেন, এছাড়া আরও পছন্দের তিনটি শ্রেণিতে তিনটি ভোট দেবেন তারা।
এদের প্রত্যক্ষ ভোটে প্রত্যেক শ্রেণি (ষষ্ঠ-দশম) থেকে একজন করে পাঁচজন এবং সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন শ্রেণির তিন জনকে নিয়ে মোট আট সদস্যের ক্যাবিনেট গঠন করা হবে।
পরীক্ষামূলকভাবে দেশের প্রত্যেক উপজেলা/মহানগরে মাধ্যমিক পর্যায়ের তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০১০ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন এর নাম দেওয়া হয়েছিল ‘স্টুডেন্টস কাউন্সিল’।
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লাসনেতা’ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে রাজনীতি ঢুকবে কি না- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, “যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, সেখানে রাজনীতি করার সুযোগ নেই।
“সভা-সমাবেশ বা পোস্টার ছাপানোর সুযোগ নেই। এর সঙ্গে রাজনীতি যাতে জড়িয়ে না যায় সে বিষয়ে আমরা সচেতন আছি। শিশু শিক্ষার্থীরা রাজনীতি শিখুক। আধুনিক যুগের জ্ঞান অর্জন ছাড়া কেউ নেতা হতে পারবে না।”
নির্বাচিত ‘স্টুডেন্টস ক্যাবিনেট’ প্রতিমাসে কমপক্ষে একটি সভা করবে জানিয়ে নাহিদ বলেন, “সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে শিক্ষকরা পরামর্শ দেবেন।”
প্রতি ছয় মাস পর শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাবিনেটের সাধারণ সভা হবে বলেও জানান তিনি।
‘সাহসের অভাবে ছাত্র সংসদ নির্বাচন হয় না’
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষের ‘সাহসের’ অভাবেই ওইসব প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয় না বলেও মত দেন শিক্ষামন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, “তারা (পাবলিক বিশ্ববিদ্যালয়) স্বায়ত্তশাসিত, অনেক ক্ষেত্রে বলতে পারি প্রায় স্বাধীন। আমরা তাদের শতভাগ টাকা দেই কিন্তু ক্ষমতা শূন্যভাগ খাটাই।
“আমরা বার বার তাদের তাগিদ দেই। তারা সাহস করে (নির্বাচন) করতে পারেন না। আমরা সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না।”
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস ক্যাবিনেট গঠন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রভাব সৃষ্টি করবে বলেও মনে করেন এক সময়ের ছাত্র ইউনিয়ন নেতা নাহিদ।
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
