২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাশিয়ারছড়ায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের হিড়িক  

বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে না হতেই বিলুপ্ত সবচেয়ে বড় ছিটমহল কুড়িগ্রামের দাশিয়ারছড়ায় যত্রতত্র গড়ে উঠছে নানা শিক্ষা প্রতিষ্ঠান।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 06:58 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

ক্ষেত, পতিত জমি, খোলা মাঠ, মসজিদ সবখানে ঝুলছে বিভিন্ন নামে স্কুল, মাদ্রাসা ও  কলেজের সাইনবোর্ড।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দাশিয়ারছড়ায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলছে, যার মধ্যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৫টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে আটটি, মাদ্রাসা তিনটি ও কলেজ একটি।

সন্তান বা স্বজনদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে দানসূত্রে নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলানো ওইসব জমি। কলেজ, মাদ্রাসা ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এক একর এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩০ শতক করে জমি নেওয়া হয়েছে দানকারীদের কাছ থেকে।

জেলা প্রশাসন জানায়, সাড়ে সাত বর্গ কিলোমিটার আয়তনের দাশিয়ারছড়ায় লোক সংখ্যা প্রায় সাত হাজার।

জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যমান সরকারি বিধি অনুসারে দাশিয়ারছড়ায় সর্বোচ্চ তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয়, একটি বালিকা উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার সুযোগ রয়েছে।

কালিরহাটের কাছে ৪০ হাত লম্বা টিনের ঘর নির্মাণাধীন। সামনে ফাঁকা ফসলি জমি। বিশাল সাইনবোর্ডে লেখা দাশিয়ারছড়া দাখিল মাদ্রাসা (প্রস্তাবিত)।

এ মাদ্রাসায় মৌখিকভাবে জমি দিয়েছেন আব্দুর রহমান, সিরাজ উদ্দিন, আব্দুল খালেক ও জয়নাল আবেদিন।

এ মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিটমহল আন্দোলনের নেতা আলতাফ হোসেন।

Image
এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

জমিদাতাদের একজন আব্দুর রহমান জানান, ইতিমধ্যে এ মাদ্রাসার সুপার হিসাবে নিয়োগ পেয়েছেন জমিদাতার ছেলে আমিনুল ইসলাম। এছাড়া সহ-সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল হাই, বিএসসি শিক্ষক আজিজুল হক, চতুর্থ শ্রেণির কর্মচারী পদে জয়নাল আবেদিন ও আব্দুর রহমান।

তিনি বলেন,“জমি দেমো আর হামার ছাওয়ার চাকরি হবার নয়? চাকরি হইছে। এ্যালা সরকার হ্যা কইলে হয়।”

তার ছেলে আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে মিথ্যা পরিচয়ে বাংলাদেশের অভ্যন্তরে মধ্য কাশিপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত বলে জানান তিনি।

আমিনুল বলেন, “সব শিক্ষক এখনও নেওয়া হয়নি। নিজেদের টাকায় মাদ্রাসার ঘর করেছি।”

দাশিয়ারছড়া মধ্যপাড়া সমন্বয়টারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামের সাইনবোর্ডওয়ালা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছেন নুর ইসলাম। জমিদাতা হলেন মনির, সুরত আলী, মোজাহার ও মোজাফ্ফর।

প্রধান শিক্ষক নুর ইসলাম বলেন, এ বিদ্যালয়ে শিক্ষকসহ ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পাঁচ জনকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলতাফ হোসেন নিয়োগ দিয়েছেন।

ঝগড়া-ফ্যাসাদ এড়াতে নিয়োগপ্রাপ্তদের নাম বলতে রাজি হননি তিনি।

Image
এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলতাফ হোসেনের মাধ্যমে মধ্যপাড়া সমন্বয়টারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত হয়েছেন মিজানুর রহমান। অন্য শিক্ষকরা হলেন-নুরজাহান বেগম, শরিফা আক্তার ও জাহানারা বেগম।

প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, এক লাখ টাকা সভাপতিকে দিয়েছেন স্কুল ঘর করার জন্য।

আলতাফ হোসেন বলেন, “আমি ইতোমধ্যে একটি মাদ্রাসা, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছি। আরও অনেক প্রতিষ্ঠানের উদ্যোক্তারা সভাপতি হতে অনুরোধ জানিয়েছেন।”

তার প্রতিষ্ঠানগুলোতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি নেই। যা হচ্ছে সব স্বচ্ছভাবে করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সদ্য বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি মইনুল হক বলেন, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি অনুমোদনের পর বাংলাদেশ সরকার ছিটমহলবাসীর শিক্ষাসহ বিভিন্ন সমস্যা সমাধানের গুরুত্ব দিয়েছেন। দাশিয়ারছড়া ছিট মহলের শিক্ষিত বেকার যুবকরা কর্ম সংস্থানের সুযোগ পাবে এমন আশায় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়েছে।

এসব শিক্ষিত যুবক ভুয়া ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  লেখাপড়া করেছিল। তারাই এসব শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে উৎসাহ দিচ্ছে বলে মইনুল জানান।

তিনি বলেন, “স্থানীয়রা দুই একর জমিতে মুজিব-ইন্দিরা মহাবিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছে। এ প্রতিষ্ঠানের সভাপতি আমাকে নির্বাচন করেছে।”

Image
এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

তবে তিনি শিক্ষক-কর্মচারী নিয়োগে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

সদ্য বিলুপ্ত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, তিনি দুটি প্রতিষ্ঠানের সভাপতি।

নিজে নিয়োগ বাণিজ্য না করলেও অনেক প্রতিষ্ঠানে টাকা নেওয়ার কথা শুনেছেন বলে জানান তিনি।

দাশিয়ারছড়া ছিটের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, সমন্বয় কমিটির লোকজন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তুলছে। এক সময় এ ছিটে কামালপুর প্রাথমিক বিদ্যালয়, কালিরহাট প্রাথমিক বিদ্যালয় ও রাশমেলা প্রাথমিক বিদ্যালয় নামে তিনটি প্রতিষ্ঠান চলত। এরশাদ সরকারের শাসন আমলে পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে যায়।

ওই প্রতিষ্ঠানগুলোই আবার চালুর দাবি জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় বলেন, “দাশিয়ারছড়ার মানুষ কীভাবে গণহারে প্রাথমিক বিদ্যালয় খুলছে তা আমার জানা নেই। তবে ব্যক্তি পর্যায়ে নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের সরকারি কোনো নির্দেশনা নেই।

“দুই হাজার মানুষ অধ্যুষিত এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিধান রয়েছে। সে হিসাবে দাশিয়ারছড়ায় খুব বেশি হলে তিনটি বিদ্যালয় হতে পারে।”

Image
এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

Image
এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

এক সময়ের ভারতীয় ছিটমহল দাশিয়ারছড়ায় এখন বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে এরকম সাইনবোর্ড। ছবি: কুড়িগ্রাম প্রতিনিধি

দাশিয়ারছড়া পরিদর্শন করে তিনি তিনটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা দিয়েছেন বলেও জানান তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা ভব শংকর বর্মা জানান, যেকোনো একটি মাধ্যমিক বিদ্যালয় অথবা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায় প্রয়োজন ১০ হাজার জনসংখ্যা। এছাড়া তিন কিলোমিটারের মধ্যে এক ধরনের কোনো বিদ্যালয় থাকবে না।

“এ বিবেচনায় দাশিয়ারছড়ায় একটি মাধ্যমিক, একটি বালিকা বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা স্থাপন করা যেতে পারে।”

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ বলেন, দাশিয়ারছড়ায় কতটি শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং তা কোন স্থানে হবে তা সরকারি বিধি বিধান মোতাবেক ঠিক করা হবে।

তবে স্থানীয় জনগণের মতামত গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা অতি উৎসাহী হয়ে নিয়ম শৃঙ্খলা ভেঙ্গে যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ছেন তাদেরকেই এর দায় দায়িত্ব নিতে হবে।