২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা চোরাচালানে উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

পল্টনের একটি বাড়ি থেকে দেড় মণ সোনা আটকের সাত মাস পর চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 06:37 PM

Updated : 22 Aug 2022, 12:56 PM

সিরাজগঞ্জ আওয়ামী লীগের এই নেতাকে বুধবার রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন।

গোয়েন্দা পুলিশ এবং শুল্ক বিভাগ অভিযান চলিয়ে গত বছর ২৫ ডিসেম্বর পল্টনে আলী সুইটসের মালিক মোহাম্মদ আলী বাড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি পাঁচ বস্তা মুদ্রা এবং দেড় মণ সোনা উদ্ধার করে।

মোহাম্মদ আলি সুইটস এর মালিক মোহাম্মদ আলির এই বাসা থেকে বিপুল পরিমান টাকা এবং সোনা উদ্ধারের ঘটনা নিয়ে বেশ আলোড়িত হয়।

তখন গ্রেপ্তার আলী তার বন্ধু রিয়াজ উদ্দিনের নাম বলেছিলেন। গোয়েন্দা পুলিশ তখন থেকেই তাকে খুঁজছিল।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমি ওই ব্যক্তিকে (আলী) চিনিও না, জানিও না। তিনি আমার সম্পর্কে যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা।”

Image
সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন

সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন

অবশ্য ওই ঘটনায় পল্টন থানায় যে মামলা হয়েছিল তাতে রিয়াজ উদ্দিনের নাম ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুনতাসিরুল ইসলাম। তিনি জানান, এরই মধ্যে মোহাম্মদ আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রিয়াজ উদ্দিনের আগে সোনা মজিব নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহফুজুর রহমান।

মোহাম্মদ আলী ও সোনা মজিব কারগারে রয়েছেন।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান বলেন, পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রার টাকায় বিনিময় মূল প্রায় আট কোটি টাকা। আর সোনার বার পাওয়া গিয়েছিল ১০ তোলা ওজনের ৫২৮টি।