২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার হয়নি অপহৃত শিশু, গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

শেরপুর শহর থেকে অপহৃত আট বছরের শিশু আরাফাত ইসলাম রাহাতকে চার দিনেও উদ্ধার করা যায়নি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 06:31 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

রাহাত শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার মো. শহিদুল ইসলাম খোকনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে বুধবার জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

এদিকে, এ তিন আসামি রাহাতকে হত্যার পর লাশ এক জায়গায় ফেলে দেওয়ার কথা জানালেও পুলিশ সেখানে লাশ পায়নি।

স্বজনদের অভিযোগ, গত ২ অগাস্ট দুপুরে গৃদানারায়ণপুর এলাকা থেকে রাহাতকে তার খালু আব্দুল লতিফসহ কয়েকজন অপহরণ করে নিয়ে যায় এবং মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় মঙ্গলবার (৪ অগাস্ট) রাহাতের বাবা শহিদুল ইসলাম খোকন তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে শেরপুর সদর থানায় মামলা করেন।

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলার পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামি মুক্তিপণের জন্য ওই শিশুকে অপহরণ এবং মুক্তিপণের টাকা না পেয়ে তাকে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে নিয়ে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে দিয়েছে বলে জানালেও সেখানে তল্লাশি চালিয়ে কোনো লাশ পাওয়া যায়নি।

আদালতের সিএসআই আব্দুল আজিজ জানান, মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই রহুল আমীন গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে শেরপুর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান পাঁচ দিন মঞ্জুর করেন বলে তিনি জানান।

এ তিন জন হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মতিউর রহমানের ছেলে এবং রাহাতের খালু মো. আব্দুল লতিফ (২২), লতিফের বন্ধু রবিন (২০) এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমরান হাসান (২১)।