২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে ভাইয়ের হাতে বোন খুন

ধারের টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজধানীর বংশালে আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন এক নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2015, 12:34 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মুহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, বুধবার সকাল ৯টার দিকে বংশালের বাগদাশ লেনের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার (৫০) ওই এলাকার হাজী জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

ঘটনার পর থেকে আসমার ছোটভাই আকবর হোসেনকে (৪০) পুলিশ খুঁজছে।

ঘটনার সময় গৃহকর্মী ছাড়া বাসায় কেউ ছিল না। আসমার স্বামী জাহাঙ্গীরও বাইরে ছিলেন বলে আহাদ জানান।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “সকাল ৯টার দিকে আকবর বোনের বাসায় গেলে ‍টাকা লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে আকবর বোনের গলা চেপে ধরলে হুড়োহুড়িতে আসমা খাট থেকে পড়ে যান। বাড়ির গৃহকর্মী এই দৃশ্য দেখে চিৎকার করলে আকবর দৌড়ে পালিয়ে যান।”

ভবনের অন্য বাসিন্দারা আসমাকে ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে সহকারী কমিশনার আহাদ বলেন, নয়াবাজার এলাকায় আকবরের চারটি ছোট দোকান ছিল, তা বোনের কাছে বিক্রি করেছিলেন তিনি, সেই নিয়েই বিরোধ।

মন্টু নামে স্থানীয় একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নয়াবাজার কাঁচাবাজারের চারটি মুরগির দোকান রয়েছে আকবরের। সে আগে এই দোকানগুলো চালাত, কিন্তু লোকসান হওয়ায় আকবর দোকানগুলো ভাড়া দেয়।”

তবে স্বজনরা পুলিশকে জানায়, এই দোকানগুলো বোনকে ১২ লাখ টাকার বিনিময়ে দেবে বলে চুক্তি করে আকবর এবং ছয় মাস আগে আসমা ১২ লাখ টাকা দিয়েও দেয়।

“দোকানগুলোর ভাড়া আকবরই তুলে তার বোনকে দিত। কিন্তু গত দুই মাস ধরে দিচ্ছিল না বলে তা নিয়ে ভাই-বোনের মধ্যে ঝগড়া বাঁধে,” বলেন পুলিশ কর্মকর্তা আহাদ।

এরই এক পর্যায়ে আকবর বোনের গলা চেপে ধরেন বলে পুলিশকে জানিয়েছেন ওই বাসার গৃহকর্মী।