সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ দুজন গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কথিত বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে পন্থিছিলা শেখ পাড়া এলাকায় ওই দুজনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের চালককেও গ্রেপ্তার করা হয়েছে।
তারা ওই পিকআপ ভ্যানে চড়ে ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছানের দাবি।
গুলিবিদ্ধ মো. কবির হোসেন (২৫) ও মো. জাকেরকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার গাড়িচালক মো. নুরুন্নবীকে (২৩) নেওয়া হয়েছে থানায়।
এদের মধ্যে কবিরের বাড়ি সীতাকুণ্ড উপজেলার কদম রসুলে এবং জাকেরের বাড়ি নোয়াখালীর চরজব্বরে।
এসময় তাদের কাছ থেকে পিকআপ ভ্যানসহ দুটি এলজি, কার্তুজ, ধারালো অস্ত্র জব্দ করে পুলিশ।
চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ওই এলাকায় ডাকাতি করতে আসে ১০/১২ জনের একটি দল। পুলিশ তখন কবিরকে গ্রেপ্তার করলে অন্যরা পিকআপে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
“পালানোর সময় ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে কবির ও জাকের পায়ে গুলিবিদ্ধ হয়।”
সহযোগীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় জাকেরকে এবং পিকআপ ভ্যানসহ নুরুন্নবীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
পুলিশ জানিয়েছে, ডাকাত দলটি আশপাশের বিভিন্ন জেলা থেকে এসে ডাকাতি করে চলে যায়।
