টোল বাতিলের দাবিতে অবরোধ ৩য় দিনে গড়াল
টোল বাতিলের দাবিতে রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুতে অটোরিকশা চালকদের অবরোধ চলছে।
টানা তৃতীয় দিনের মতো এই অবরোধ চলতে থাকায় জনদুর্ভোগ বেড়েছে। সেতুর দুই মাথায় ট্রাকের উপর মঞ্চ তৈরি করে শ্রমিকদের বক্তৃতা এবং গান-বাজনা চলছে।
শ্যামপুর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো অগ্রগতি হয়নি। ব্রিজের উপর শ্রমিকরা অবস্থান নিয়ে আছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বলা মুশকিল।”
সালাউদ্দিন নামে এক শ্রমিক জানান, টোলমুক্ত না হওয়া পযন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।
মঙ্গলবার শ্রমিকদের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
তিনদিন ধরে সেতু দিয়ে যানচলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সেতুটি বন্ধ থাকায় বাবু বাজার ব্রিজে যানবাহনের চাপ অস্বাভাবিক বেড়েছে। যাত্রাবাড়ী থেকে আসা মানুষদেরকেও দয়াগঞ্জ-ইংলিশ রোড হয়ে বাবু বাজার ব্রীজ যেতে হচ্ছে। ফলে এসব রাস্তায় যানজট লেগেই আছে।
শনিবার থেকে শ্রমিকরা এই ব্রিজে অবস্থান নেয়।
মে মাসে পোস্তগোলার বুড়িগঙ্গা (বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) সেতুতে অটোরিকশার জন্য ২৫ টাকা হারে টোল নির্ধারণ করায় চালকরা তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।
জনপ্রতি পাঁচ টাকা ভাড়ায় সেতুর এক দিক থেকে আরেক দিকে যাত্রী পারিবহন করেন। এজন্য আগে কোনো টোল দিতে হত না।
শ্রমিকরা বলছেন, এখন প্রতিবার যাতায়াতে ২৫ টাকা করে টোল দিলে তাদের কিছু থাকবে না।
