২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগান্তর-যমুনাবিরোধী কর্মসূচি চিকিৎসকদের

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসকের বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ সংবাদ দেওয়ার অভিযোগ তুলে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনকে বয়কটের আহ্বান জানিয়েছে বাংলাদেশের চিকিৎসকদের প্রধান সংগঠন বিএমএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2015, 09:27 PM

Updated : 12 Oct 2022, 04:07 PM

এই আহ্বানে রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন কর্মসূচিতে বিএমএ মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান সোমবারের মধ্যে এই গণমাধ্যম দুটিকে দুঃখ প্রকাশ করার আহ্বানও জানান।

ঢাকা মেডিকেলের ওই নারী চিকিৎসক জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে যুগান্তর ও যমুনায় প্রকাশিত খবরে বলা হয়।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) থেকে নির্বাচিত সংসদ সদস্য সালমার স্বামী নুরুল ইসলাম বাবুল যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক।

এরপর ওই চিকিৎসকের ব্যক্তিগত জীবন নিয়েও যুগান্তর-যমুনায় খবর প্রকাশ হচ্ছে, যা তাকে সামাজিকভাবে হেয় করার প্রয়াস বলে দেখছেন চিকিৎসকরা।  

মানববন্ধনে চিকিৎসক নূনযীরুল মুহসেনিন মিমও ছিলেন, যাকে নিয়ে খবর প্রকাশ করছে যুগান্তর-যমুনা।

চিকিৎসকদের নেতা আর্সলান বলেন, “এই অপচার বন্ধ করেন। দুঃখ প্রকাশ করেন।

“যুগান্তর ও যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ কালকের মধ্যেই তাদের হীনকর্মের জন্য দুঃখ প্রকাশ না করেলে দেশের সকল চিকিৎসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই দুই মিডিয়াকে সর্বাত্মকভাবে বর্জন করা হবে।”

কিছু দুর্বৃত্ত কালো টাকার মালিক হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশক হয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের এই নেতা।

মানববন্ধনে বিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রব সর্দারসহ সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।