২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র জাপানি সংস্করণ প্রধানমন্ত্রীর হাতে

জাপানি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে-এর বাংলা বিভাগের প্রধান অনুষ্ঠান পরিচালক কাজুহিরো ওয়াতানাবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2015, 06:21 PM

Updated : 25 Apr 2022, 01:40 PM

রোববার সকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে বইটি শেখ হাসিনার হাতে তুলে দেন।

কাজুহিরো ওয়াতানাবে বাংলা থেকে সরাসরি জাপানি ভাষায় বঙ্গবন্ধুর আত্মজীবনী অনুবাদ করেছেন। ৬০০ পৃষ্ঠার জাপানি সংস্করণটি প্রকাশ করেছে দেশটির শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘আশাহি শোতেন’।

প্রয়াত জাপানি লেখক তাকাশি হায়াকাওয়ার লেখা ‘আমার বাংলাদেশ’ এবং তাদামাসা ফুকিউরার লেখা ‘রক্ত ও কাদা ১৯৭১’ নামে দুটি বই এর আগে বাংলায় অনুবাদ করেছেন কাজুহিরো ওয়াতানাবে।

তিনি বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানার জন্যও জাপানি সংস্করণের একটি কপি শেখ হাসিনার হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, কাজুহিরো ওয়াতানাবে সাক্ষাতকালে পুরো সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলায় কথা বলেন।

জাতিরজনকের আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদ করায় প্রধানমন্ত্রী এ সময় তাকে ধন্যবাদ জানান।

“প্রধানমন্ত্রী বলেন, জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনূদিত হওয়ায় সে দেশের নাগরিকরাও বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন।”

ছয় দফা ঘোষণার পর কারাগারে গিয়ে সেখানে বসে লেখা বঙ্গবন্ধুর দুটি খাতা খুঁজে পাওয়া গেছে বলে প্রধানমন্ত্রী এ সময় জানান।

শেখ হাসিনা তার লেখা কয়েকটি বই জাপানি ভাষায় অনুবাদের জন্য কাজুহিরো ওয়াতানাবেকে দেওয়ার কথা বলেন।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।