বগুড়ায় ট্রাক চাপায় পথচারীর মৃত্যু
বগুড়া সদরে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক পথচারীর (৩০) মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে ছিলিমপুর এলাকায় এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন ট্রাকটিতে আগুন দেয়, যা পরে ফায়ার সার্ভিসের লোকজন নেভায়।
স্থানীয় চা দোকানি আব্দুল কাদের জানান, বেলা দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম গেটের সামনে ওই পথচারী রাস্তা পার হচিএলন।
“ওই সময় চারমাথাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
ট্রাকটি ওই পথচারীকে টেনে প্রথম গেট থেকে দ্বিতীয় গেট পর্যন্ত নিয়ে আসে বলে জানান ওই চা দোকনি।
তিনি বলেন, পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজের সামনে খাদে পড়ে যায়। ওই সময় বিক্ষুদ্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার জানান, সড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নেভায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
তিনি বলেন, ট্রাক চালক আব্দুল হান্নানকে (২৮) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
