কলেজছাত্রী ধর্ষণ দৃশ্য ইন্টারনেটে, গ্রেপ্তার ২
ঝালকাঠীর রাজাপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কানুদাসকাঠী গ্রামের মৃত সুশীল মিস্ত্রীর ছেলে দুলাল মিস্ত্রী ও তার স্ত্রী পূর্ণিমা রানী।
ওসি মুনীর উল গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনমাস আগে ধর্ষণের ঘটনাটি ঘটে। মেয়েটির বাবা বুধবার রাতে পাঁচ জনকে আসামি করে মামলা করার পর রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য তিনজন পালিয়ে যায়।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, ওই উপজেলার কানুদাশকাঠী গ্রামের হাশেম আলীর ছেলে ফয়জুল প্রেমের ফাঁদে ফেলে প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। আর সে সময় তোলা ছবি দেখিয়ে ব্ল্যাক মেইল করে মেয়েটিকে গত দুমাস ধরে বিভিন্ন সময় ফয়জুল ও তার বন্ধুরা ধর্ষণ করে।
“আর সেই ছবি কৌশলে মোবাইল ফোনে ধারণ করে ধর্ষকের বন্ধুরা।কয়েকদিন আগে তা ছড়িয়ে দেয় ফেসবুকে।”
মোবাইল ফোনের ছবি উদ্ধার করা হয়েছে এবং বাকি তিন আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
