হোমিও চিকিৎসকের অপারেশনে বৃদ্ধের মৃত্যু
বরগুনার তালতলী উপজেলায় এক হোমিওপ্যাথ চিকিৎসকের অপারেশনের পর প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ।
মঙ্গলবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আলী আকবর (৬০) তালতলীর ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনার পর বরিশাল কোতোয়ালি থানা পুলিশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক মনিরুল ইসলামকে আটক করেছে।
আলী আকবরের মেয়ে রাশেদা আক্তার জানান, তার বাবা হার্নিয়ার রোগী ছিলেন।সোমবার দুপুরে উপজেলা শহরের দক্ষিণ সদর রোডের তালতলী হোমিওপ্যাথিক ক্লিনিকের চিকিৎসক মনিরুল ইসলাম বাড়ি গিয়ে তার বাবাকে অপারেশন করলে ঠিক হয়ে যাবে আশ্বাস দিয়ে চেম্বারে যেতে বলেন।
“ওইদিন বিকালেই মনির হার্নিয়া অপারেশন করলে বাবা গুরুতর অসুস্থ্ হয়ে পড়েন।
“পরে মনির নিজ উদ্যোগে সন্ধ্যায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। সেখান চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।”
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার সার্জারি ইউনিট-৩ এর চিকিৎসক সবুজ কুমার পার্থ জানান, অপারেশনের সময় আলী আকবরের পেটের ভেতরের একটি নালী ছিঁড়ে গেছে, যার ফলে অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
এ ব্যাপারে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টর্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ বলেন, “হোমিওপ্যাথিক চিকিৎসায় অপারেশনের কোনো সুযোগ নেই। যদি কেউ অপারেশন করে থাকে সেটা একান্ত তার ব্যক্তিগত দায়ভার।”
এর আগেও মনিরের বিরুদ্ধে এ ধরনের অপারেশনের খবর পেয়েছেন বলেও তিনি জানান।
তালতলী থানার ওসি বাবুল আখতার জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।পুলিশ পাঠিয়ে বরিশাল থেকে মনিরুলকে তালতলী থানায় আনা হয়েছে।
