নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান ডিসিরা
সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন এই দাবি জানান তারা।
এই অধিবেশন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, “ডিসিরা সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চেয়েছেন।
“আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করছি আগামী তিন বছরের মাথায় যেসব জায়গায় বিদ্যুৎ গেছে তার অন্তত ৮০ শতাংশ জায়গায় আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারব।”
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “খাদ্যগুদাম নষ্ট হয়েছে, ডিসিদের গুদামের চাহিদা ছিল বেশি। আমরা তাদের আশ্বস্ত করেছি, সরকারিভাবে এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন খাদ্য গুদাম তৈরি হচ্ছে।”
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন মায়া বলেন, “ডিসিদের বেশি করে বরাদ্দ দেওয়ার চাহিদা ছিল। বিশেষ করে দুর্যোগপ্রবণ এলাকায় মালামাল পরিবহনের জন্য ট্রাক এবং গুদাম করে দেওয়ার জন্য।”
