জেএসএসের ‘অসহযোগে’ রাঙামাটিতে হাট-বাজার বন্ধ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএ) ডাকে রাঙামাটিতে হাট-বাজার ও দোকানপাট ‘বর্জন’ কর্মসূচি চলছে।
‘অসহযোগ আন্দোলনের’ অংশ হিসেবে পাহাড়ের এ জেলায় বুধবার সকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে সংগঠনটির কেন্দ্রীয় সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা জানান।
শহরের বনরূপাসহ কয়েকটি স্থানে এদিন সাপ্তাহিক বাজার বসার কথা থাকলেও সকালে কোনো দোকানপাট খোলা দেখা হয়নি। বাজারে আসেননি ক্রেতা-বিক্রেতারাও।
কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ জানান, সকাল থেকে কোথাও পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সজীব চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্নভাবে সময় দেওয়া হয়েছে। কিন্তু সরকার চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের উদ্যোগ বা রোডম্যাপ ঘোষণা করেনি। তাই গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ বর্জন কর্মসূচি পালিত হচ্ছে।”
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে গত বছর ২৯ নভেম্বর ঢাকায় এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা ১ মে থেকে এই ‘অসহযোগ আন্দোলনের’ ঘোষণা দেন।
