নবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২
ঢাকার নবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুইপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ দুজন হলেন- গালিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের মোখলেছ দেওয়ানের ছেলে শাহাদত দেওয়ান (৩৫) ও তার ভাইয়ের স্ত্রী মাসরুফা বন্যা (২৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মো: সায়েদুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আন্ধারকোঠা গ্রামের এমএ রাজ্জাক ও মোকলেছ দেওয়ানের পরিবারের সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহত অন্য ছয়জন হলেন- মোখলেছ দেওয়ানের মেয়ে তাসলিমা (৩৫), তার ছোট ভাইয়ের স্ত্রী মাসুদা (৬০) এবং তার প্রতিপক্ষের এমএ রাজ্জাক (৪৯), রাজ্জাকের স্ত্রী শাহিদা বেগম (৩৮), মেয়ে তানিয়া আক্তার প্রিয়া (১৮) ও ছেলে মো. নোমান (২৪)।
তাদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, আন্ধারকোঠা গ্রামের রাজ্জাক ও মোকলেছের পরিবারের মধ্যে জমি দিয়ে অনেকদিন ধরেই বিরোধ চলছিল।
তাদের জমি দখলে রেখেছে দাবি করে মঙ্গলবার সকালে মোকলেছের পরিবারের সদস্যরা রাজ্জাকের বাড়ির ভেতর ঢুকে তার সীমানা প্রাচীরের ভেতর একটি দেয়াল নির্মাণের চেষ্টা করে। এ সময় রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে এ সংঘর্ষ হয়।
ঢাকার নবাবগঞ্জে আন্ধারকোঠা গ্রামের এই বাড়ির জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ দুজনের অবস্থার অবনতি দেখে দুপুরে ঢাকায় পাঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জমি সংক্রান্ত বিরোধের ব্যাপারে দুটি পক্ষকেই শান্ত থাকার জন্য নোটিস দেওয়া হয়েছিল। কেউ সেটি মানেনি।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুলি করার অপরাধে রাজ্জাককে আটক এবং তার লাইসেন্স করা অস্ত্রটি করা হয়েছে।
নবাবগঞ্জের ওসি জানান, এ ঘটনায় বিকালে উভয়পক্ষই থানায় একটি করে মামলা করেছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
