২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র পরিচয়ে ভিক্ষা, ৬ শিশু উদ্ধার

হবিগঞ্জে মাদ্রাসা ছাত্র পরিচয়ে ভিক্ষা করার সময় ছয় শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2015, 06:50 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

তাদের জোরপূর্বক এ কাজে নিয়োজিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থেকে তাদের উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসপি জয়দেব কুমার ভদ্র এ তথ্য জানান।

৯ থেকে ১৩ বছর বয়সী উদ্ধার হওয়া এসব শিশুর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।

প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, সোমবার হবিগঞ্জের বাহুবল উপজেলার কালুটোলা গ্রামে তিন শিশুকে ভিক্ষা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

এরপর তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাদের বাহুবল থানায় নিয়ে যায়।

“সেখানে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।”

এসপি আরও বলেন, অভিনব কায়দায় জেলায় শিশুদের দিয়ে ভিক্ষা করাচ্ছে একটি চক্র। ওই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে শিশুদের এনে শায়েস্তাগঞ্জের একটি হোটেলে রাখত।

“পরে তাদেরকে মাদ্রাসা ছাত্র পরিচয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হতো।

“ভিক্ষায় কে কত টাকা আয় করল তার হিসাব করা হতো প্রতিদিন সন্ধ্যায়। কারো উপার্জন কম হলেই চলত নির্যাতন।”

এসপি বলেন, তাদের দেওয়া তথ্যমতে ওই রাতেই অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের ‘এস আর হোটেল’ থেকে আরও ৩ শিশুকে উদ্ধার করে পুলিশ।

ওই সময় ওই চক্রের সঙ্গে জড়িত হোটেল ম্যানেজার রাসেল মিয়াকে আটক করা হয় বলে জানান এসপি জয়দেব।

প্রেস ব্রিফিংকালে অন্যান্যের মধ্যে  বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।