শেরপুরে কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ১
শেরপুর সদর উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত।
মঙ্গলবার এ ঘটনায় মামলার পর ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শেরপুর সদর থানার ওসি মাজহারুল করিম।
এ ঘটনায় জড়িত অভিযোগে ইয়াকুব আলী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
মামলার বরাত দিয়ে ওসি মাজহারুল জানান, ওই কলেজ ছাত্রী শেরপুর পৌর এলাকার ভাড়া বাসা থেকে রোববার রাত ৮টার দিকে ভাগ্নেকে সঙ্গে নিয়ে বই কিনতে শহরে যান।
বই কিনে বাড়ি ফেরার পথে পূর্ব পরিচিত পাকুরিয়া ইউনিয়নের গণইবরুয়া গ্রামের মো. চাঁন মিয়া (৩৫), নডু শেখ (২০) ও মো. শামীম তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শহরের গোয়ালপট্টি থেকে অটোরিকশায় তুলে নেয়।
অটোরিকশাটি শহরের এটিআই তিন রাস্তার মোড়ে পৌঁছার পর একই ইউনিয়নের চকপাড়া গ্রামের সোহাগ মিয়া (২০), ইয়াকুব আলী (২১) ও রসুল মিয়া (২২) দুইটি মোটর সাইকেল নিয়ে অটোরিকশার গতিরোধ করে।
“সেখান থেকে পরের তিন যুবক মেয়েটিকে তুলে গাজীর খামার এলাকায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং একটি বাড়িতে আটকে রাখে।”
পরে খবর পেয়ে ওই কলেজ ছাত্রীর স্বজনরা রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায় বলে জানান ওসি।
ওসি মাজহারুল বলেন, মঙ্গলবার মেয়েটি বাদী হয়ে ওই ছয় জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় অপহরণ ও গণধর্ষণের মামলা করেন। মামলার পর পুলিশ ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে।
