কড়াইল বস্তিতে তরুণীর লাশ
রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তি থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে, যিনি সপ্তাহখানেক আগে স্বামী পরিচয় দিয়ে এক ব্যক্তির সঙ্গে ওই বস্তিতে থাকা শুরু করেছিলেন বলে স্থানীয়দের তথ্য।
বনানী থানার এসআই মোস্তাক হোসেন জানান, মঙ্গলবার ভোরের দিকে কড়াইল এরশাদ নগর বস্তির একটি ঘরে লাশটি পাওয়া যায়।
“তবে ওই তরুণীর কথিত স্বামীর সন্ধান কেউ জানাতে পারেনি। বস্তিবাসী কেউ তাদের নাম-পরিচয় জানে না।”
ওই তরুণীকে হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনোভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
এসআই মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে বস্তির একটি ঘরে খাটের উপরে লাশটি কাত করে রাখা অবস্থায় পাওয়া যায়। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত করলেই জানা যাবে।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
