২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ‘মাদক বিক্রেতার’ ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। হত্যায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 08:00 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

পুলিশ বলছে, আটক আমজাদ হোসেন মাদক বিক্রির সঙ্গে জড়িত। তিনি সদর উপজেলার দেড়গ্রাম এলাকার বাসিন্দা।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে দেড়গ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন (৩৫) দেড়গ্রাম এলাকার শফিক বেপারীর ছেলে।

জেলা পুলিশের বিশেষ শাখার এএসআই প্রদীপ ঘোষ বলেন, দেড়গ্রাম এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত আমজাদ। নিহত আফজাল বিভিন্ন সময়ে তার কাছ থেকে গাঁজা কিনে সেবন করতেন। সম্প্রতি মাদক কেনাবেচার টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।

“সোমবার বিকালে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আমজাদ তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আফজালের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার জানার পর পুলিশ আমজাদকে আটক করে বলে জানান সদর থানার ওসি আমিনুর।