রংপুরে বাঁশ ঝাড় থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাঁশ ঝাড় থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১০টায় উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কোমরগঞ্জ গ্রামে হেনা বেগমের (৬৫) লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের কৃষক খায়রুল ইসলাম খোকার স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, “লাঠি বা লোহার রডের আঘাতে হেনা বেগমের মাথা থেঁতলে যায়। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ বাঁশ ঝাড়ে ফেলে রাখে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
“লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
নিহতের স্বামী বাদি হয়ে মামলা করলেও কাউকে আসামি করা হয়নি বলে জানান ওসি হুমায়ুন।
নিহতের স্বামী খায়রুল ইসলাম খোকা জানান, “আমার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। এক ছেলে বেসরকারি কলেজের প্রভাষক। উপজেলার বালারহাটে বাসা করে সেখানে থাকে। ছোট ছেলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। আমরা স্বামী-স্ত্রী বাড়িতে থাকি।
“রোববার রাত ১০টার দিকে আমার স্ত্রী বাড়ির বাইরে যায়। দীর্ঘ সময় ঘরে ফিরে না আসায় তাকে খুঁজতে গিয়ে বাঁশ ঝাড়ে লাশ দেখতে পাই।”
কী কারণে এ হত্যাকাণ্ড তা তার বোধগম্য নয় বলে জানান তিনি।
