২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার রিফাইনারির বিরুদ্ধে ‍দুদকের মামলা 

তিন কোটি ৬০ লাখ ৬৫ হাজার টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রামের বেসরকারি তেল শোধনাগার প্রতিষ্ঠান ‘সুপার রিফাইনারি প্রাইভেট লিমিটেডের’ চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও তাদের সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 06:29 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

সোমবার চট্টগ্রামের বায়েজিদ থানায় দুদক ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক মীর্জা জাহিদুল আলম বাদী হয়ে মামলাগুলো করেন।

মামলার আসামিরা হলেন- সুপার রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যান লুৎফুন্নেসা, তার স্বামী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমদ ও তাদের সন্তান সাদিব আহমদ।

দুদক কর্মকর্তা মীর্জা জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে ২০০৭-২০০৮, ২০০৮-২০০৯ ও ২০০৯-২০১০ তিন অর্থবছরে তিন কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৫৭৪ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে।

তিনটি মামলার প্রত্যেকটিতে সুপার রিফাইনারির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আসামি করা হলেও তাদের ছেলে সাদিব আহমদকে ২০০৯-২০১০ অর্থ বছরের মামলায় আসামি করা হয়েছে।

২০০৭-২০০৮ অর্থ বছরে তিন লাখ ৩৫ হাজার ৩২৫ লিটার কনডেনেসেইডের বিপরীতে তিন লাখ ১৮ হাজার ৫৫৮ দশমিক ৭৫ লিটার পেট্রোলিয়াম জাতীয় তেল দ্রব্য উৎপাদন করেছিল সুপার রিফাইনারি।

প্রতিষ্ঠানটি ওই অর্থ বছরে তাদের উৎপাদিত তেলের ওপর ১৬ লাখ ৮৬ হাজার ২৯০ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

একইভাবে ২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থ বছরে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত তেলের ওপর যথাক্রমে দুই কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩১৮ টাকা ও এক কোটি ২৬ লাখ তিন হাজার ৯৬৬ টাকা করে রাজস্ব ফাঁকি দিয়েছে বলে মামলায় বলা হয়।

বায়েজিদ থানার এসআই মানস বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৪০৯ ধারায় মামলাগুলো করা হয়েছে।