সাগরে নিম্নচাপ, নৌপথে চলাচল ব্যাহত
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বিরূপ আবহাওয়ার কারণে রাজধানীর সঙ্গে বিভিন্ন নৌপথে ছোট নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে দেশের নৌ বন্দরগুলোতেও ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলে বিআইডব্লিউটিএ’র উপপরিচালক (জনসংযোগ) মোবারক হোসেন মজুমদার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ আবহাওয়ায় ৭৫ ফুটের িকম দৈর্ঘ্যের নৌযান চলাচলে নিষেধ আছে। তবে বড় লঞ্চ চলতে বাধা নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা উত্তাল থাকায় রোববার দুপুর ২টা থেকে সোমবার বেলা ১টা পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকে।
এ সময় শিমুলিয়া ঘাট থেকে কোনো ছোট নৌযান ছেড়ে যায়নি; কাওড়াকান্দি থেকেও ছেড়ে আসেনি।
তবে সব ধরনের ফেরি স্বাভাবিকভাবে চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই নদী পার হচ্ছেন।
শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, নদীতে ঢেউয়ের সঙ্গে তীব্র স্রোত থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ, সি-বোট, ট্রলারসহ ছোট ছোট নৌযান বন্ধ রাখা হয়।
একই কারণে বন্ধ রয়েছে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল।
চাঁদপুর প্রতিনিধি জানান, বিরূপ আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে কোনো লঞ্চ চাঁদপুর থেকে ছেড়ে যায়নি। তবে ঢাকা-চাঁদপুর নৌরুটের বড় লঞ্চ চলাচল করছে।
চাঁদপুর নৌ বন্দরের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ বন্ধ থাকবে।”
