২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএমডিএ কর্মীদের কাজ বন্ধ, সচিবকে হুমকি

সরকারি আর্থিক সুযোগ-সুবিধা বন্ধ করার প্রেক্ষিতে সচিবের অপসারণসহ পাঁচ দফা দাবিতে কাজ বন্ধ রেখেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 05:29 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

সোমবার সকাল থেকে এক হাজার ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীরা সকল দাপ্তরিক কাজ বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

এতে প্রকল্পের কার্যক্রম অচল হয়ে পড়েছে।

এদিকে এ প্রকল্পের সচিবের অফিসে তালা দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি থানায় মৌখিক অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দাবি না মানা পর্যন্ত সকল দাপ্তরিক কাজ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

এ সময় তারা বিএমডিএ’র সচিবের অপসারণ দাবি করে শ্লোগান দেন।

সমাবেশে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক তত্ত্ববধায়ক প্রকৌশলী শামসুল হোদা বলেন, এক হাজার ১৫০ জন কর্মকর্তা কর্মচারী বিএমডএতে কর্মরত রয়েছেন।

“২০১১ সালে উপ-সচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে বিএমডিএ’র সচিব নিয়োগ দেয় সরকার।

“তিনি যোগদানের পর সরকারি টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পদোন্নতি, সিনিয়র স্কেল, গৃহনির্মাণ ঋণ ও জনবল নিয়োগ বন্ধ করে দেন।”

এতে বাধ্য হয়ে সোমবার থেকে তারা সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দিয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান তিনি।

শামসুল হোদা আরও বলেন, গত ২২ জুলাই তারা ৭১ সদস্যবিশিষ্ট বিএমডিএ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ গঠন করেন। ২৬ জুলাই সাধারণ সভা করে আন্দোলনের ঘোষণা দেন।

শামসুল হোদার সভাপতিত্বে সমাবেশে যুগ্ম আহবায়ক ও বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কাসেম, ফোরম্যান আব্দুল হালিম এবং সদস্য সচিব সহকারী প্রকৌশলী জিএমএম হাসনুল ইসলাম বক্তব্য রাখেন।

তাদের অন্য দাবিগুলো হলো টাইম স্কেল পুনরায় চালু করা, গৃহনির্মাণ ঋণ পুনরায় চালু করা, প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া এবং অর্গানোগ্রাম ও নিজস্ব আইন প্রনয়ণ করা।

বিএমডিএ’র সচিব দেওয়ান আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটি স্বায়ত্বশাসিত না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আর্থিক সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের একটি রেজুলেশনের মাধ্যমে বরেন্দ্র এলাকার উন্নয়নে পরিকল্পনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের জন্য ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠা করা হয়।

“এখানে চুক্তিভিত্তিক কর্মকর্ত-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রকল্প শেষ হলে তাদের চাকরিও শেষ হয়ে যাবে।

“আর যারা চুক্তিভিত্তিক নিয়োগ পান তারা সরকারের জাতীয় স্কেলে বেতন বা আর্থিক সুযোগ সুবিধা পান না।

“এতদিন তারা সরকারি নিয়মে যে আর্থিক সুযোগ-সুবিধা নিয়েছে তা সম্পূর্ণ অবৈধ।”

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হতে পারে বলে মন্তব্য করেন সচিব আব্দুস সামাদ।

তিনি আরও বলেন, রোববার দুপুরের পর তার গাড়ি বন্ধ করে দেয়ায় তিনি অফিসে যেতে পারেননি।

এছাড়া সোমবার তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলেও তিনি জানান।

রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, বিএমডিএ’র কার্যালয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে সচিব ফোন করে তাকে জানিয়েছেন। এ বিষয়ে থানায় জিডি করার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

জিডি করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।