ড্রাইভিং পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় আনসারের মৃত্যু
রাজধানীর কাফরুলে এক আনসার সদস্য ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাওয়ার পথে কভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন, আহত হয়েছেন তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য।
কাফরুল থানার এসআই হেলেনা পারভীন জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মিরপুর-১৩ নম্বরের কৃষিব্যাংকের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একরামুল হক (৩২) কাফরুল থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহে। তার সঙ্গী কনস্টেবল মনির প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তারা দুজন একটি মোটরসাইকেলে করে মিরপুর বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাচ্ছিলেন বলে হেলেনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কৃষি ব্যাংকের কাছে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল থেকে পড়ে যান একরাম ও মনির। এ সময় পেছন থেকে একটি কভার্ড ভ্যান একরামকে ধাক্কা দেয় এবং তার উপরে একটি চাকা উঠে যায়। মনিরও আহত হন।”
দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক একরামকে মৃত ঘোষণা করেন।
পুলিশ দুর্ঘটনাস্থল থেকে কভার্ডভ্যান চালক হাবিবুর রহমানকে আটক করেছে। তার বাহনটিও পুলিশের হেফাজতে রয়েছে।
