২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমা চাইবেন’ জাফরুল্লাহ, আদেশ মঙ্গলবার

আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরীর আবেদনের বিষয়ে মঙ্গলবার আদেশের দিন রেখেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 02:04 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আদেশের এই দিন ঠিক করে দেয়।

এদিকে জাফরুল্লাহর আইনজীবী তৌফিক হোসেন জানান, আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তারা একটি আবেদন করতে যাচ্ছেন।

আপিল আদালতে জাফরুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রেজাক খান; তৌফিক হোসেন তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

পরে মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত জানতে চেয়েছেন তারা আবেদন করবেন, নাকি যে আবেদন আছে সেটা উপস্থাপন করবেন। তখন জাফরুল্লাহর আইনজীবীরা বলেন তারা নতুন আবেদন করবেন। তখন আদালত আদেশের জন্য কাল দিন রাখেন।”

শুনানীর সময় জাফরুল্লাহও আদালতে উপস্থিত ছিলেন।

ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেওয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শাস্তি হিসাবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

ওই আদেশের বিরুদ্ধে জাফরুল্লাহ  সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে গেলে বিচারক অর্থদণ্ডের আদেশের  কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।