২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলায় এক যুবক ধানক্ষেতে জমানো পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মারা গেছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 01:38 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

রোববার রাত ৯টার দিকে আমুয়া ইউনিয়নের জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে বলে কাঁঠালিয়া থানার পরিদর্শক জাহিদ হোসেন জানান।

নিহত জাহাঙ্গীর হোসেন (৩০) জোড়খালী গ্রামেরই বাসিন্দা। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীর রাতে বাড়ির কাছে রাস্তার পাশের ধানের ক্ষেতের পানিতে চাঁই পেতে মাছ ধরতে যান। এ সময় বিদ্যুতের পড়ে থাকা ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

গত তিনদিন ধরে বিদ্যুতের তারটি ছিঁড়ে সেখান পড়ে ছিল বলে অভিযোগ করেছেন আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন নিজাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কর্তৃপক্ষকে তাগিদ দেওয়ার পরও তারা মেরামত করেনি। বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে ওই যুবকের মৃত্যু ঘটল।”

তবে অভিযোগ অস্বীকার করে ওজপাডিকোর কাঁঠালিয়া সাব স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেফতাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন দিন নয়, কয়েক ঘণ্টা ধরে তারটি ছিঁড়ে পড়ে ছিল। এলাকাটি দুর্গম হওয়ায় আমরা রাত ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার মেরামত করে দিয়েছি।”