২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধারের পর তার স্বামীকে খুঁজছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2015, 09:25 AM

Updated : 22 Aug 2022, 12:53 PM

পুলিশের ধারণা, মো. শহীদ নামের ওই আসবাব মিস্ত্রী তার তৃতীয় স্ত্রী শাহানাজ বেগমকে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর পালিয়েছেন।

রোববার বক্রনগর ইউনিয়নের কোমরগঞ্জ গ্রাম থেকে পুলিশ শাহানাজের লাশ উদ্ধার করে বলে নবাবগঞ্জ থানার এসআই তাজউদ্দিন আহমেদ জানান।

তিনি বলেন, “সম্ভবত আগের রাতের কোনো এক সময়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনাস্থলে একটি হাতুড়িও পাওয়া গেছে।”

শহীদের বাড়ি পিরোজপুর জেলার স্বরূপখালী থানার বালিহারী গ্রামে। শাহনাজকে নিয়ে তিনি নবাবগঞ্জের কোমরগঞ্জ গ্রামে কাদের মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন।

এসআই তাজউদ্দিন জানান, শহীদ একটি আসবাবের দোকানে মিস্ত্রীর কাজ করতেন। শাহানাজ বিভিন্ন বাড়িতে কাজ করতেন গৃহকর্মী হিসেবে। শহীদ আগে আরও দুটি বিয়ে করেছিলেন।

“পারিবারিক কলহের জেরেই শহীদ স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালায় বলে ধারণা করা হচ্ছে। প্রচুর রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।